করোনা মোকাবেলায় সরকারের নির্দিষ্ট কোন পরিকল্পনা নেই: মির্জা ফখরুল


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দেশে চলমান করোনা মহামারীতে এই ভাইরাস প্রতিরোধে সরকারের সঠিক কোনও রোডম্যাপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফর যে একটা গাইড লাইন দেবেন, সেটি তারা দিতে পারেনি।

রোববার (২৮ জুন) দুপুরে উত্তরার বাসা থেকে অনলাইনে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দলের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের কর্মসূচি হয়। এই সময় করোনা প্রতিরোধক ‘আর্সিনিক এলবাম-৩০’ ও ‘ব্রায়ানিয়া এলবাম-৩০’ ওষুধ কয়েক শত মানুষের মধ্যে বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা দেখেছেন, কয়েকদিন আগে চীনা বিশেষজ্ঞরা এসেছিলেন তারা এসে ঠিক একই কথা বলেছেন যে, বাংলাদেশে সবকিছু এলোমেলো। এখানে কোথায় রোগ আছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তারা (সরকার) চিহ্নিত করতে পারছেন না এবং সেটাকে চিহ্নিত করার জন্য কোনও ব্যবস্থা তাদের নেই।’

তিনি অভিযোগ করেন, ‘স্বাস্থ্য ব্যবস্থা এবং গোটা হেলথ সিস্টেম একেবারে ভেঙে পড়েছে, একেবারেই লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। স্বাস্থ্য খাতে সরকারের চরম অবহেলা, উদাসীনতার জন্যে এবং সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে দেশে করুণ অবস্থা সৃষ্টি হয়েছে।’

২০২০-২১ অর্থবছরে সরকারের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, ‘বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্ধ সবচাইতে কম। কী দুর্ভাগ্য এই জাতির। আজকে রাস্তায় মানুষ মারা যাচ্ছে। টেস্ট করতে পারছে না, কোনও টেস্ট হচ্ছে না। এরপরেও ডা. জাফরুল্লাহ চৌধুরী সাহেবের গণস্বাস্থ্য কেন্দ্রের যে কিট উদ্ভাবন করলেন সেই কিটকে তারা (সরকার) নাকচ করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘মাত্র আড়াই হাজার টাকা করে প্রধানমন্ত্রীর একটা অনুদান ৫০ লাখ মানুষকে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সেটাও পুরোপুরি দলীয়করণ করার ফলে যাদের পাওয়া উচিত ছিল, তারা পায়নি। তাও সেটা এককালীন।’

অনুষ্ঠানে চিকিৎসক দলের সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শফিকুল আলম নাদিমের পরিচালনায় সহ-সভাপতি মশিউজ্জামান পান্নু, মজিবুল্লাহ মুজিব, সাংগঠনিক সম্পাদক একেএম জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।