করোনাভাইরাসের মহামারিতে বুধবার (১ জুলাই) থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন। এতদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যেত।
মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘যেভাবে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলছে সেভাবেই আগামী ৩ অগাস্ট পর্যন্ত চলবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।’
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০ মে থেকে সীমিত পরিসরে অফিস চলছে।
এই সময় স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের পাশাপাশি সবাইকে মাস্ক পরে অফিস করতে হচ্ছে। বয়স্ক, অসুস্থ ও সন্তান সম্ভবাদের এ সময় অফিসে যেতে মানা করা হয়েছে। একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তার অফিসে থাকায় মানাও করা হয়েছে।
দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সর্বশেষ ৩০ জুন সর্বোচ্চ ৬৪ জনের মৃতের খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা দেড় লাখের কাছাকাছি পৌঁছেছে।

