দেশে চলমান করোনা সংক্রমণের মধ্যে উপনির্বাচন অংশগ্রহণে আগ্রহ নেই বিএনপির। সে কারণে আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন পেছানোর দাবি জানানো হবে দলটির পক্ষ থেকে। নির্বাচন কমিশন দাবি না মেনে নিলে উপনির্বাচন বর্জনও করতে পারে দলটি। তবে দলটির স্থায়ী কমিটির বৈঠকের পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
রোববার (৫ জুলাই) বিকালে উপনির্বাচন অংশগ্রহণের বিষয়ে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘উপনির্বাচন নিয়ে দলের মধ্যে কোনও আলোচনা হয়নি। দেশে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এই সময় নির্বাচন!’
তিনি আরও বলেন, ‘বিকালে দলের স্থায়ী কমিটির বৈঠক আছে। সেখানে উপনির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।’

