দেশে করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও এবার দ্রুতই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তবে নীতিমালার আলোকে খুব শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকার দলীয় সদস্য শফিউল ইসলাম।
জবাবে মন্ত্রী আরো জানান, করোনা সংক্রমণের এ পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। গত ৩১ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও কভিড-১৯-এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে। খুব শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মো. ফখরুল ইমামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয় তার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে ডা. দীপু মনি জানান, দেশে সরকারি পর্যায়ে কোনো ইংরেজি মাধ্যম স্কুল নেই। বেসরকারি পর্যায়ে ১৪৫টি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে।

