খুলনা ও বাগেরহাটে দিনব্যাপী সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা আকাশপথে পরিদর্শনের পাশাপাশি মোংলা বন্দরের কার্যক্রম এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও আশপাশের সুন্দরবন এলাকা আকাশপথে পরিদর্শন করবেন।
সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় অংশ নেবেন।
সফরের পরবর্তী অংশে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা পরিদর্শনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

