অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সিলেটে যাওয়ার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
এ সময় মন্ত্রীর পাশের গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পরিকল্পনামন্ত্রীর গাড়িচালক মো. নেসার বলেন, মন্ত্রী ত্রাণ দেওয়ার জন্য সিলেটের উদ্দেশে যাচ্ছিলেন। প্রটোকলের গাড়িটি ছিলো সামনে । মন্ত্রীর গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে পুনরায় সিলেট রওয়ানা হন।
এ ব্যাপারে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বলেন, এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি অন্য একটি গাড়িতে করে প্রটোকলসহ সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে পুনরায় রওয়ানা হয়ে গেছেন।
এছাড়াও তিনি বলেন, প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ এলে তাদের কাছে চালক ও গাড়ি হস্তান্তর করা হবে।

