আগামী দুই মাসে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা


দেশে করোনা-র দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, প্রস্তুত থাকার পরামর্শ

৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সময় পেরিয়ে গেছে চার মাসের বেশি। রোগীর সংখ্যাও দেড় লাখের ঘর অতিক্রম করেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার।

অন্যান্য দেশগুলোর হিসাব অনুযায়ী বাংলাদেশ এখন সংক্রমণের চূড়ান্ত ধাপ পেরিয়ে নিচের দিকে নামছে। তবে নানা অব্যবস্থাপনার কারণে খুব সহসা বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশংকা করছেন চিকিৎসকরা।

বিশেষ করে কোরবানির ঈদে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে আগষ্ট মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় সংক্রমণের শংকা তাদের। এরপরই শীত আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, অতীতের মহামারিগুলোর সংক্রমণের ধরণ অনুযায়ী প্রথম ধাপের ত্রুটিগুলোর ফাঁকে সংক্রমণ ঘটে দ্বিতীয় ধাপের।

তবে দ্বিতীয় ধাপের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে ঈদে সরকারি ছুটি সীমিত রাখার পাশাপাশি আগেভাগেই যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার পরিকল্পনা চলছে বলে জানা গেছে।

সংক্রমণের প্রথম দিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিলো। কিন্তু পরবর্তীতে গার্মেন্টস কারখানাগুলো খুলে দেয়ার পাশাপাশি রমজানের ঈদে মানুষ বাড়িমুখী হওয়ায় সংক্রমণের মাত্রা বেড়ে যায়। যার জের এখনো চলছে।