আটকে পড়া ২৩০ ভারতীয় ফিরছেন আজ


india-public-back#paperslife

বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। এই প্রক্রিয়ায় আজ বৃহস্পতিবার ত্রিপুরা, আসাম, মেঘালয় সীমান্ত দিয়ে ২৩০ জন ভারতে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গমনকারী সে দেশের নাগরিকদের বিদায় জানাতে এসে রিভা গাঙ্গুলি দাস আজ সকালে সাংবাদিকদেরকে প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি জানান, ভারতীয় নাগরিকরা সে দেশে যাওয়ার পর তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

পাশাপাশি তাঁদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে। এরই মধ্যে বিমানে করে ১৫০০ জনকে পাঠানো হয়েছে। আটকে পরা সকল ভারতীয় নাগরিকদের সবাইকে ভারতীয় হাই কমিশনের ফেইসবুক পেইজে রেজিস্ট্রেশন করতে হবে। এই প্রক্রিয়ায় সবাই নিজ দেশে ফিরে যেতে পারবেন। তবে এটা ধীরগতিতে হবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাওয়ার জন্য ১২৯ জনের একটি তালিকা এসেছে। সেই তালিকা অনুযায়ী ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতীয়দেরকে সে দেশে পাঠানো হচ্ছে।

এদিকে সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ছয়টা থেকে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে আসতে শুরু করেন। ঢাকা, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ বিভিন্ন এলাকা থেকে তাঁরা আখাউড়ায় বন্দরে আসেন ভারতে যাওয়ার জন্য। সামাজিক দূরত্ব রক্ষায় পুলিশের পক্ষ থেকে বন্দরের সড়কে গোল চিহ্ন এঁকে দেয়া হয়। তালিকা অনুযায়ী ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করিয়ে একটি দরখাস্ত পূরণের মাধ্যমে (যাদের ভিসার মেয়াদ শেষ) ভারতে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। দুপুর ১২টা নাগাদ প্রায় ১০০ জন ইমিগ্রেশন সম্পন্ন করেছেন।

এসময় সিলেট থেকে আসা ভারতীয় নাগরিক নাদিয়া ফারজানার সঙ্গে। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘৭ মার্চ বাংলাদেশে আসি। এরই মধ্যে ভারতে লকডাউন দেয়া হয়। পাশাপাশি বাংলাদেশেও গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন। মে মাসের শুরুর দিকে তিনি আবেদন করে এখন যাচ্ছেন।

কুমিল্লা জেলার দেবিদ্বার থেকে আসার আগরতলার বক্স নগরের লিটন দাস জানান, তিনি ৯ মার্চ থেকে আত্মীয়ের বাড়িতে আছেন। ভারতীয় হাই কমিশনের অ্যাপসের মাধ্যমে তিনি আবেদন করে যাওয়ার সুযোগ পেয়েছেন।

স্থলবন্দরে থাকা বাংলাদেশ সমবায় ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন চৌধুরী নেসার জানান, আখাউড়ার আশ্রমে আটকে পড়া তিন ভারতীয় নাগরিককে নিজদেশে ফিরিয়ে নেয়ার জন্যে আলোচনা করেন। পরে ভারতীয় হাই কমিশনার তাদেরকে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত নিজ দেশে ফিরিয়ে নেয়ার আশ্বাস দেন।

এসময় ওনার সঙ্গে ছিলেন, সহকারী হাই কমিশনার (চট্টগ্রাম) অনিন্দ্য ব্যনার্জি, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম,কসবা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, সমবায় ব্যাংকের ভাইসচেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী মুহাম্মদ আফজাল হোসেন নেছার, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (গোপনীয়) মো: আলাউদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।