এবার রাজশাহীতে আরও এক নারী করোনা আক্রান্ত হয়েছেন। জানা যায়, ওই নারীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার গণ্ডগোহালি গ্রামে। তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানেই তাঁর স্বামীসহ থাকতেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ওই নারীর নমুনা পরীক্ষা করা হয়। এতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে তার স্বামীর রিপোর্ট নেগেটিভ। দুজনেরই নমুনা পুনরায় আজ বুধবার (১৫ এপ্রিল) পরীক্ষা করা হবে।
এ বিষয়ে রাজশাহীর পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, গত রোববার স্বামীর সঙ্গে ওই নারী নারায়ণগঞ্জ থেকে পুঠিয়া আসেন। পরদিন তাদের নমুনা সংগ্রহ করা হয়।
ডা. নাজমা আরও জানান, এ দম্পতির শরীরে করোনার কোনো উপসর্গ নেই। যেহেতু তারা আক্রান্ত এলাকা থেকে ফিরেছেন সেজন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকেই তারা ওই নারীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

