দেশে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২৯ জন। যা এক দিনে দেশে করোনায় আক্রান্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয়েছে তার ২১ দশমিক ৭৯ শতাংশই করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৫৯ জন। দেশের ৪৯ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
সেইসাথে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫০০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ ৮ হাজার ৪২৫ জন।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, চীনের উহানে গত বছরের ডিসেম্বরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এ ভাইরাসের। এরপর সারা বিশ্বে তাণ্ডব চালানো এ ভাইরাসে মৃত্যুর মিছিলে যুক্ত হয় লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত এ ভাইরাসে গোটা বিশ্বে মারা গেছেন ৩ লাখ ৫৭ হাজার ৭১২ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৩ হাজার ৬৬৫ জন।

