করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবায় অবহেলা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দেশে চলমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় কোন অবহেলা করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সবখানেই চিকিৎসাসেবা অব্যহত রাখতে হবে।

শনিবার (১১ জুলাই) অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, গোটা বিশ্বে করোনার তাণ্ডব চলছে। এর কোনো ভ্যাকসিন ও ঔষধ এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হননি। কিন্তু তাই বলে করোনার বাইরেও মানুষের অন্যান্য রোগ-ব্যাধি তো থেমে থাকবে না।

কাজেই মহামারী যতই  থাকুক, মানুষের স্বাস্থ্যসেবায় কোনোরকম ঘাটতি রাখা যাবে না। দেশের প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে শহর, গ্রামে সবখানেই এবং স্বাস্থ্যখাতের সকল স্তরে মানুষের স্বাস্থ্যসেবা সমানভাবে অব্যাহত রাখতে হবে।

কভিড-১৯ এর মহাদুর্যোগের সময়ে আজকের সকল আয়োজনকে মুজিববর্ষের তাৎপর্যের উপর উৎসর্গ করে জাহিদ মালেক বলেন, আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও করোনার কারনে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উদযাপিত মুজিববর্ষ ঠিকভাবে পালন করতে পারছি না। তাই আজকের জনসংখ্যা দিবসের সকল কর্মকাণ্ড মুজিববর্ষের নামেই উৎসর্গ করছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানের করোনা ক্রান্তিকালে দেশের প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালসমূহে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে ৫২ হাজার কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু এনডিসি প্রমুখ বক্তব্য রাখেন।