মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। যেখানে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের দিক থেকে সবার উপরে মার্কিন মুল্লুক।
দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মারা গেছে ৬ হাজার ৮৮ জন। ভাইরাসের বিস্তার প্রতিরোধে নানা উদ্যোগ সত্ত্বেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার আমেরিকানের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন সরকার।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় সবকটি অঙ্গরাজ্যে করোনায় প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণিহানি নিউইয়র্কে, ২ হাজার ৫৩৮ জন। এরপরই রয়েছে নিউ জার্সি (৫৩৭), মিশিগান (৪১৭), লুইজিয়ানা (৩১০), ওয়াশিংটন (২৭২) এবং ক্যালিফোর্নিয়া (২২৯)।
তবে পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওয়াইওমিংয়ে এখন পর্যন্ত একজনও মারা যায়নি। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ১৫০জন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা ওয়াইওমিং-এ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এ অঙ্গরাজ্য। এখানেই রয়েছে বিখ্যাত ইয়েলোস্টোন।

