বিশ্বজুড়ে চলছে করোনা সংকট, এদিকে লকডাউনের কারণে বিপর্যস্ত অর্থনীতি। এরই মধ্যেই আমেরিকা থেকে ১২০০ কোটি টাকার সমরাস্ত্র কিনতে চলেছে ভারত।
জানা গেছে,১৫৫ মিলিয়ন ডলারের বিপরীতে ভারতকে এই অস্ত্র দিতে সম্মতি জানিয়েছে মার্কিন সরকার।
আমেরিকা থেকে হারপুন ব্লক ২ এয়ার লঞ্চ মিসাইল এবং হালকা ওজনের টরপেডো কিনতে চলেছে ভারত। সোমবার একটি নির্দেশিকা জারি করে ভারতকে এই অস্ত্র বিক্রির বিষয়ে অনুমতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
আরও জানা যায়, এই মিসাইলের দাম ৯২ মিলিয়ন ডলার এবং টরপেডোর দাম ৬৩ মিলিয়ন ডলার। মার্কিন কংগ্রেসে বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে।
এর আগে এই দুটি অস্ত্র কেনার বিষয়ে আমেরিকার কাছে ভারত প্রস্তাব দেয় বলে পেন্টাগন সূত্রে জানানো হয়েছে। হারপুন মিসাইল পি-৮১ এয়ারক্র্যাফটের সঙ্গে যুক্ত করা হবে। এই দুটি অস্ত্র হাতে ভারতের প্রতিরক্ষা শক্তি অনেকটাই উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

