করোনায় অর্ধেক মৃত্যু ঢাকা বিভাগেই


দেশে করোনা-র দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, প্রস্তুত থাকার পরামর্শ

দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ৮ই মার্চ। এরপর থেকে বেড়েছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অসংখ্য মানুষ। শনিবার পর্যন্ত মারা গেছেন প্রায় দুই হাজার মানুষ। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৫০ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের থেকে এসব তথ্য পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, দেশে প্রথম করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু হয় ২১ জানুয়ারি।

প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। ওই দিন থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত ১১৯ দিনে মোট রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন।

মৃতের অঞ্চলভিত্তিক পরিসংখ্যান বলছে, করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এর পরই রয়েছে চট্টগ্রাম বিভাগ। গতকাল শনিবার পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৯৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭, চট্টগ্রাম বিভাগে ৫৪৪, রাজশাহী বিভাগে ৯৮, খুলনা বিভাগে ৮৫, সিলেট বিভাগে ৮৪, বরিশাল বিভাগে ৭৩, রংপুর বিভাগে ৫৬ এবং ময়মনসিংহ বিভাগে ৫০ জন রয়েছেন।

মোট মৃত্যুর ৫০ দশমিক ৪৫ শতাংশ ঢাকা বিভাগে। এর পরই চট্টগ্রাম বিভাগে ২৭ দশমিক ২৫, রাজশাহী বিভাগে ৪ দশমিক ৯১, খুলনা বিভাগে ৪ দশমিক ২৬, সিলেট বিভাগে ৪ দশমিক ২১, বরিশাল বিভাগে ৩ দশমিক ৬৬, রংপুর বিভাগে ২ দশমিক ৮১ এবং ময়মনসিংহ বিভাগে ২ দশমিক ৫১ শতাংশ।