ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার অসহায় শিশুদের চিকিৎসায় মানবিক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। তার উদ্যোগে শিশুদের সহায়তার জন্য এক লাখ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।
সংগৃহীত অর্থ ব্যয় করা হবে গাজার গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসায়। বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য যেসব শিশুকে গাজার বাইরে নেওয়া প্রয়োজন, তাদের সরিয়ে নেওয়ার কাজে এ তহবিল ব্যবহার করা হবে।
এই অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থার মাধ্যমে। প্রতিষ্ঠানটি গাজার শিশুদের জরুরি সহায়তা ও চিকিৎসা নিয়ে কাজ করছে।
উদ্যোগটি সফল করতে যাঁরা বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। অর্থ প্রদান, অনুষ্ঠানে অংশগ্রহণ এবং আয়োজন বাস্তবায়নে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানান তিনি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন নুজুম স্পোর্টসের প্রতি, যারা এই উদ্যোগ বাস্তবায়নে দীর্ঘ সময় ধরে কাজ করেছে।
তবে অর্থ সংগ্রহের এই সাফল্যকে যথেষ্ট মনে করছেন না হামজা। তার মতে, গাজার শিশুদের যে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তার তুলনায় এই সহায়তা খুবই সামান্য। সংকট মোকাবিলায় আরও অনেক উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
হামজা মনে করেন, পরিসরে ছোট হলেও মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগ কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সেই বিশ্বাস থেকেই গাজার অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা।
পোস্টের শেষদিকে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেন বাংলাদেশের এই ফুটবল তারকা। তাদের দুর্ভোগের অবসান, মানসিক শক্তি, ধৈর্য এবং স্থায়ী শান্তি কামনা করেন তিনি।

