কুড়িগ্রাম পৌরসভা এলাকার উত্তর কলেজপাড়া (গাছবাড়ি) গ্রামে জ্বর,মাথাব্যথা ও সর্দিতে আক্রান্ত ঢাকা ফেরত এক যুবককে করোনা আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। গত ১ এপ্রিল ওই যুবক ঢাকার উত্তরা থেকে শারীরিক অসুস্থতা নিয়ে বাড়িতে ফেরেন। পরে তার কাশি, সর্দি-জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পেলে স্বাস্থ্য বিভাগ তাকে হোম কোয়ারেন্টাইন রাখার সিন্ধান্ত নেয়। ওই যুবক করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য বিভাগের একটি দল শনিবার সকালে (৪ এপ্রিল) তার বাড়িতে পৌঁছেছে। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নজরুল ইসলাম জানান, ‘ শুক্রবার (৩ এপ্রিল) বিকালে খবর পাওয়ার পরপরই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই যুবকের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। সে সর্দি-জ্বর ও কাশিতে আক্রান্ত। তবে বর্তমানে এসব উপসর্গ অনেকটা কমে গেছে। তারপরও জনমনে যেহেতু পেনিক তৈরি হতে পারে সেজন্য সন্দেহ দূর করার জন্য আমরা তার করোনা সংক্রমন পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছি।’
অসুস্থ্য ওই যুবকের প্রতিবেশি এক নারী জানান, শুক্রবার দুপুরে ওই যুবকের মায়ের কাছে তারা জানতে পেরেছেন যে ওই যুবক প্রচন্ড জ্বর, মাথাব্যাথা আর সর্দি-কাশিতে আক্রান্ত। কিন্তু ভয়ে তারা হাসপাতালে নিতে চাচ্ছেন না। পরে বিষয়টি তারা (প্রতিবেশিরা) স্বাস্থ্য বিভাগকে অবহিত করেন।
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, ওই যুবকের নমুনা পরীক্ষা করার ফলাফল পাওয়ার পর ওই এলাকা লক ডাউন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত ওই যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।
পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার

