প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষে ৮ এপ্রিল থেকে এই অবরুদ্ধ ঘোষণা কার্যকর করা হবে। তবে জরুরি পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।
আজকেও নারায়ণগঞ্জে ১৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
এর আগে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী করোনা পরিস্থিতিতে উদ্বেগ জানান। পরে সিটি এলাকায় জরুরি ভিত্তিতে লকডাউন/কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানিয়ে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন।

