ভারতের উত্তর চব্বিশ পরগনা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি রিসেলদার (বরখাস্ত) মোসলেমউদ্দিনকে গ্রেফতার করা হতে পারে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার।
গতকাল সোমবার (২০ এপ্রিল) ‘মুজিবের আর এক খুনিও কি এই বঙ্গে’ এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি।
আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়, আব্দুল মাজেদের মতো পরিচয় ভাঁড়িয়ে শেখ মুজিবের আরেক খুনিও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে রয়েছে বলে দাবি বাংলাদেশের গোয়েন্দা সূত্রের। মাজেদকে জেরা করে বাংলাদেশের গোয়েন্দারা তার বিষয়ে জানতে পেরেছেন।
গোয়েন্দা সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার একটি আধাশহরে ইউনানি চিকিৎসক সেজে ভাড়া থাকছিল মোসলেমউদ্দিন। সে-ও ফেরার হওয়া ফাঁসির আসামি। ১৯৭৫-এর ১৫ অগস্ট মুজিবের বাড়িতে হানা দেয়া দলটির সামনের সারিতে ছিল মোসলেউদ্দিন। অনেকের দাবি, মোসলেউদ্দিনই গুলি করে হত্যা করেছিল বঙ্গবন্ধুকে।
ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় রিসেলদার (বরখাস্ত) মোসলেমউদ্দিন নামে এই প্রাক্তন সেনা অফিসারকে উত্তর চব্বিশ পরগনায় তার ডেরা থেকে আটক করা গেছে বলেও সূত্রের দাবি।
তবে অন্য একটি সূত্রের খবর, মাজেদ আটক হওয়া মাত্রই নিজের মৃত্যু-সংবাদ ছড়িয়ে গা-ঢাকা দিয়েছে মোসলেউদ্দিন।
এদিকে ভারতের গোয়েন্দাদের একটি সূত্রের অবশ্য দাবি, লকডাউনের সময় এদেশ থেকে মোসলেমউদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় সমস্যা হতে পারে বলে ঢাকা বিষয়টি ভারতের গোয়েন্দাদের জানায়।
ভারতীয় গোয়েন্দারা এ খুনিকে কার্যত তাড়িয়ে সীমান্তের কোনও একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন। তবে সরকারিভাবে কিছুই স্বীকার করা হয়নি।

