গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা।
ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। সোমবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ২১৩ জন। এছাড়া সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৫ লাখ ৩৬ হাজার ৭৮৪ জন।
আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৮০ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার মানুষের।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ১৬ লাখ ৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৬৪ হাজার ৮৬৭ জন।

