বর্তমান করোনা পরিস্থিতিতে গণজমায়েতের কারণে যে ধরণের ক্ষতি হতে পারে সেটি নিয়ে এবার মুখ খুললেন ভারত সরকার।
দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের প্রায় ৩০ শতাংশই দিল্লির নিজামুদ্দিনের তাবলীগ জামাতের যোগ রয়েছে বলে জানিয়েছে সরকার।
গত মার্চে দিল্লির নিজামুদ্দিনের সেই জমায়েতের পর থেকে ভারতে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। একাধিক রাজ্যে সংক্রামিতের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রেই তাবলিগীর জামাতের প্রত্যক্ষ সম্পর্ক মিলেছে। এমনকী শনিবার ভারতের উত্তরাখণ্ডে এক নয় মাসের শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তার বাবা দিল্লির ওই জমায়েতে যোগ দিয়েছিলেন।
এদিকে শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, দেশের মোট করোনা আক্রান্ত ১৪,৩৭৮ জনের মধ্যে ৪,২৯১ জনের তাবলিগী জামাতের যোগ রয়েছে। যা প্রায় ৩০ শতাংশ।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব বলেন, ‘২৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই (জামাত) যোগে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। মূলত তামিলনাড়ু, দিল্লি, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে রোগের প্রকোপ বেশি।
ওই রাজ্যগুলো করোনা আক্রান্তের কারণে প্রথম দশে রয়েছে। তামিলনাড়ুতে ৮৪ শতাংশ, দিল্লিতে ৬৩ শতাংশ, তেলাঙ্গানায় ৭৯ শতাংশ, উত্তরপ্রদেশে ৫৯ শতাংশ ও অন্ধ্রপ্রদেশের ৬১ শতাংশ কেসের এই অনুষ্ঠানের সঙ্গে যোগ রয়েছে।’
পাশাপাশি, যে রাজ্যগুলিতে করোনার প্রভাব কম, সেখানেও তাবলীগ জামাত যোগে সংক্রমণের খবর মিলেছে। এর মধ্যে আসামের ৩৫ কেসের মধ্যে ৩২ টির ক্ষেত্রে এই অনুষ্ঠানের যোগ রয়েছে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১২ জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্তের এই জমায়েতের সাথে সম্পর্ক রয়েছে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

