মদ্যপ অবস্থায় এবার ভারতের কোচবিহারের দিনহাটার প্রত্যন্ত বড় নাচিনা গ্রামে নিজের সাত মাসের সন্তানকে কুপিয়ে আছড়ে মারলেন বাবা। ঘটনার পর গণপ্রহারে মৃত্যু হয়েছে অভিযুক্ত ওই পিতার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মদ্যপ অবস্থায় বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন বিকাশ বর্মন। মারধর করছিলেন স্ত্রীকে। চিৎকারে কেঁদে ওঠে সাত মাসের শিশুটি। তখন তাকে প্রথমে ধারাল অস্ত্র দিয়ে কোপান বিকাশ। তার পর তুলে আছাড় মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
এরই মধ্যে সেখানে জড়ো হয়ে যান স্থানীয়রা। শিশুটির মৃত্যু হয়েছে জেনেই বিকাশকে মারধর করতে শুরু করেন তাঁরা। স্থানীয়দের মারে কাহিল হয়ে পড়েন বিকাশ। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ দেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কোন কাজ করতেন না বিকাশ। অশান্তি লেগেই থাকত দম্পতির মধ্যে। কখনো স্ত্রী প্রতিবাদ করলে জুটত বেদম মারও। এই অবস্থায় এমন কাণ্ড করে বসলেন বিকাশ।

