মাদক মামলায় জামিন পেলেন সাংবাদিক আরিফুল


ariful#paperslife

মাদক মামলায় জামিন পেয়েছেন কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান। রোববার (১৫ মার্চ) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে জামিন দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে আরিফুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ২৫ হাজার টাকা জামানত রেখে আরিফকে জামিন দেয়া হয়েছে। তবে মামলাটির আপিল চলমান থাকবে।

অন্যদিকে আরিফের বড় বোন রিমা আক্তার বলেন, পরিবারের পক্ষ থেকে জামিনের বিষয়টি আমরা মেনে নিতে পারছেন না। আমরা আরিফের জামিন আবেদন করিনি। আমরা আরিফের জামিন চাই না, আমরা নিঃস্বার্থ মুক্তি চাই।

এদিকে আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ১৭ জনকে রিটে বিবাদী করা হয়। রবিবার (১৫ মার্চ) বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদের পক্ষে আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে রিটটি দায়ের করেন।