বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইলবাসীর জন্য জীবাণুনাশক মেশিন ডিসইনফেক্টর চেম্বার স্থাপন করা হয়।
জানা যায়, হাসপাতালে ঢোকার সময় এই চেম্বারের মধ্যে দিয়ে প্রবেশ করলে তার শরীরে স্টিম বা বাষ্প আকারে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে। এই স্প্রে জীবাণু ধ্বংসের একটি কার্যকর পদ্ধতি, যা ছিটালে শরীর ভিজে যাবে না আবার জীবাণুও মরে যাবে।
যার মাধ্যমে চিকিৎসক, সেবিকা, রোগী, সাংবাদিকগণ, অ্যাম্বুলেন্স চালক এবং হাসপাতালে প্রবেশ ও প্রস্থানকারী সকলে উপকার পাবেন। সকলে জীবাণুর হাত থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন।
জানা গেছে, শীঘ্রই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এবং পুলিশ বাহিনীর সদস্যদের সুরক্ষার জন্য একটি মোট দুটি ডিসইনফেক্টর চেম্বার স্থাপন করবেন সংসদ সদস্য মাশরাফি।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মশিউর রহমান বাবুসহ ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।

