করোনা পরিস্থিতিতে এবার নতুন নির্দেশিকা জারি করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। যেখানে সেখানে থুতু ফেললে এ বার শাস্তি পেতে হবে।
যেখানে সেখানে থুতু ফেলাটা এ বার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে ভারতে। মূলত প্রাণঘাতী করোনা প্রতিরোধে দেশজুড়ে মাস্কের ব্যবহারও বাধ্যতামূলক করেছে ভারত সরকার।
এর আগে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হচ্ছে। এরপর বুধবার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
সেখানেই থুতু ফেলা ও মাস্ক পরা নিয়ে কড়াকড়ি করা হয়েছে। বিভিন্ন রাজ্যকে কঠোরভাবে সেই নির্দেশিকা পালনের জন্য বলা হয়েছে। নির্দেশিকা না-মানলে শাস্তিবিধানের কথাও বলা হয়েছে নতুন নির্দেশিকায়।
উল্লেখ্য, এর আগেই পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বর্তমান পরিস্থিতিতে রাস্তায় বেরোলে মাস্ক পরাটা বাধ্যতামূলক ঘোষণা করেছিল ভারত সরকার। এ বার পুরো দেশেই সেই নির্দেশিকা করা হল।

