গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ৬৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৯০ হাজার ৯৭৮ জনের।
এমন পরিস্থিতিতে আমেরিকায় অনলাইনে অনুষ্ঠিত হল হাইস্কুল শিক্ষার্থীদের সমাবর্তন। এতে ভার্চুয়াল বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।
অভিনন্দনের পাশাপাশি চলমান মহামারীতে শিক্ষার্থীদের যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে; সে বিষয়ে সহানুভূতি জানান ওবামা।
বারাক ওবামা বলেন, ‘যখন তোমাদের গ্রাজুয়েশন অনুষ্ঠান নিয়ে মেতে ওঠার কথা, তখন মহামারির কবলে বিশ্ব। এ পরিস্থিতি কাটিয়ে উঠলে তোমরা বুঝতে পারবে, এ দুর্যোগ থেকে কি শিক্ষা পেয়েছো। বহু অনিশ্চয়তা থাকলেও পৃথিবীকে নতুন রূপে আবিষ্কার করবে তোমাদের প্রজন্ম।’
দুঃসময় কাটিয়ে শিগগিরই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবার প্রত্যাশা জানান শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। যেকোনও পরিস্থিতিতে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আরও বক্তব্য রাখেন মার্কিন অভিনেতা ও রাজনীতিবিদ আরনল্ড শোয়ার্জনেগার, তরুণ ব্যান্ড দল জোনাস ব্রাদার্স ও সঙ্গীতশিল্পী ব্যাড বানি।

