করোনাভাইরাসের সংক্রমণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। মুলতানে এখন উহানের পরিস্থিতি বিরাজ করছে বলে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ন্যাশন।
শহরের বিভিন্ন হাসপাতালে লড়াইরত অন্তত ৩২ স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্ত ৩২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ২৬ জন ডাক্তার, ৩ জন নার্স ও ৩ জন প্যারামেডিক কর্মী।
প্রায় চার মাসের করোনাবিরোধী যুদ্ধে চীনে ৩ হাজারের বেশি ডাক্তার ও নার্স আক্রান্ত হয়েছেন। এর অর্ধেকই উহানের। একই ভাবে মুলতানে করোনাসাধারণ মানুষের চিকিৎসা দিতে গিয়ে এসব স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় মুলতানকে উহানে সঙ্গে তুলনা করা হয়েছে।
এদিকে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১২৮ জন। আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১৯ জন।

