দেশজুড়ে চলমান করোনা সংক্রমণ এবং রমজান মাস এলেও গত দুই মাস থেকে বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মালিবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তাহসিন ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।
রোববার (২৬ এপ্রিল) মালিবাগের চৌধুরীপাড়ায় তাহসিন ফ্যাশনের সামনে তারা এ বিক্ষোভ পালন করেন। ফলে রাস্তার একপাশ বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এসময় উপস্থিত পুলিশ সদস্যদের শ্রমিকদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়।
এ বিষয়ে এক শ্রমিক জানান, গত দুই মাসের বেতন-ভাতা বকেয়া থাকলেও মালিক টাকা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এদিকে করোনার কারণে বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।
যার কারণে বেতন-ভাতার দাবিতে বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি। বেতন-ভাতা পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে রাজধানীর তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ জানান, বিষয়টি বিজিএমইএ-কে জানানো হয়েছে। সেইসাথে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

