এবার করোনা মোকাবেলায় অন্যরকম পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। রাস্তায় বের হলে মাস্ক বাধ্যতামুলক। শুধু তাই না, এখন থেকে রাস্তায় থুতু ফেললেও কড়া শাস্তির বার্তা জানিয়েছে দেশটির সরকার।
রাস্তাঘাটে থুতু ফেলতে নিষেধ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু তাতেও কি হুঁশ ফিরছে মানুষের? অনেক মানুষই এখনও রাস্তায় ফেলছেন থুতু, পানের পিক।
যদিও পানের পিক রাস্তায় ফেলে এবার বিপাকে পড়লেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংসের এক বাসিন্দা।
জানা গিয়েছে, বাড়ির সামনেই ক্যানিংয়ের ওই বাসিন্দা পানের পিক ফেলেন একেবারে মাঝ রাস্তায়। তা চোখে পড়ে সামনেই দাঁড়ানো ট্রাফিক পুলিশের।
এরপরই ওই যুবককে ডাকেন পুলিশকর্মীরা। নির্দেশ দেওয়া হয়, নিজের জামা খুলে পানের পিক মোছার। পুলিশের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হয় যুবককে।
শেষমেশ জামা খুলে ওই যুবক পরিষ্কার করেন রাস্তার পানের পিক। পরে ওই যুবক বলেন, ‘এই শাস্তি ভুলব না। আর কোনওদিন এই কাজ করব না।’
অপরদিকে, নিউ আলিপুরে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তি থুতু ফেললে তাঁর বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রটেকশন অফ নন স্মোকার্স অ্যান্ড মাইনর অ্যাক্ট অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
এই সময়

