করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা করায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের বিরুদ্ধে মামলা হয়েছে। ‘রাজনৈতিক লাভের’ জন্য নানা ধরনের কঠোর বিধিনিষেধ আরোপের অভিযোগসহ বেশ কিছু অভিযোগ এনে অকল্যান্ড হাইকোর্টে এই মামলা করেন দুই ব্যক্তি।
মামলাকারী ওই দুই ব্যক্তি যুক্তি হিসেবে বলছেন, করোনায় মৃত্যুর হার অনেক কম হওয়া সত্ত্বেও দেশজুড়ে চতুর্থ স্তরের লকডাউন ঘোষণা করায় যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা কোনোভাবেই উপযুক্ত নয়।
তাদের দাবি, এই বিধিনিষেধ তাদের অবৈধভাবে আটকে রেখেছে, আর তাই তারা ‘হাবিয়াস কর্পাসের’ অধীনে আদালতে একটি রিট আবেদন করেছেন, যা মূলত একজন কারাবন্দি তার বন্দিদশা থেকে মুক্তির জন্য করে থাকেন।
অভিযোগকারীর একজন বলেন, এই লকডাউন ঘোষণার কোনো যৌক্তিক ভিত্তি আরডার্নের কাছে নেই। অন্যজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থনীতি ধ্বংস করে দেওয়ার অভিযোগ তুলে তিনি আরডার্নকে ‘হিটলারের’ সঙ্গে তুলনা করেছেন।
তারা দাবি করেন, ‘গোটা বিষয়টাই হাস্যকর’ এবং এটা কোনো ‘প্যানডেমিক’ নয়, এটা হলো ‘প্যানিক-ডেমিক’। এছাড়া তারা প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার অধিকার রাখেন।

