আগামী ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটির মেয়াদ আর বাড়ছে না। ৩১ মে থেকে সাধারণ ছুটি আর বাড়ানো হবে না। তবে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ মার্চ থেকেই বন্ধ রাখা হয়েছে। ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাস মহামারীর কারণে।
বৈশ্বিক মহামারীর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। সাত দফা বাড়িয়ে এই ছুটি শেষ হচ্ছে ৩০ মে।সাধারণ ছুটির সময় গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও সব ধরণের অফিস আদালত বন্ধ রয়েছে।
তবে জরুরি সেবা সীমিতভাবে ব্যাংকসহ কিছু অফিস খোলা ছিল। পরবর্তীতে কিছু সরকারি দফতর ও গার্মেন্ট প্রতিষ্ঠান খুলে দেয়া হয়।
প্রতিমন্ত্রী আরও জানান, গণপরিবহন, নৌযান ও রেল চলাচল বন্ধ থাকবে। ব্যক্তিগত পরিবহন চলবে।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৫৪১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এ নিয়ে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার ২৯২ জন এবং মারা গেছে ৫৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরসহ মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

