পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো সম্প্রচার করবে।
করোনাভাইরাস মহামারি শুরুর পর এর আগে গত ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
তার আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন শেখ হাসিনা।
বাংলাদেশে আগামীকাল (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও করোনা পরিস্থিতির কারণে এ বছর ঈদ এসেছে সম্পূর্ণ ভিন্ন এক আবহে। ঈদের কেনাকাটায় যেমন বিধিনিষেধ ছিল তেমনি ঈদের নামাজেও থাকছে বিধিনিষেধ।
এমন বিধিনিষেধ শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবের মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ হলেও তাতে অংশ নিতে পারবে না সাধারণ জনগণ।

