কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হয়েছে সেইসাথে নতুন ডিসি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেজাউল করিমকে কুড়িগ্রামে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, জেলা প্রশাসক সুলতানা পারভীনকে আজ সোমবার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে ধরে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেয় জেলা প্রশাসন।
ঘরে কোনো তল্লাশি চালানো না হলেও পরে ডিসি অফিসে নেয়ার পর তারা দাবি করেন, আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এই ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ রংপুর বিভাগীয় কমিশনারকে এই ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম তদন্তের দায়িত্ব দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানাকে। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

