দেশে চলমান করোনা সংক্রমণে সরকার ঘোষিত সাধারণ ছুটি আবারো বাড়ছে। আগামী ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।
এ নিয়ে সাত দফায় ছুটি বাড়ছে। তবে এবার ঈদের ছুটিতে সবাইকে যার যার অবস্থানে থাকতে হবে। যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
বুধবার প্রতিমন্ত্রী গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
ফরহাদ হোসেন বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত পেয়েছেন তারা। ছুটিতে ঈদের আগের চার দিন ও পরের দুদিন অর্থাৎ সাত দিন সাধারণ পরিবহন চলাচলে খুব কঠোরতা থাকবে। লরি, কাভার্ড ভ্যানের মতো অতিজরুরি পরিবহন ছাড়া অন্য সব যানবাহন চলাচলে কঠোরতা থাকবে। আর যে যেখানে আছেন, সবাই সেখানেই ঈদ করবেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধ প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়।
তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আরেক দফায় ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। সর্বশেষ এই ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিলো। এখন এলো আবারও নতুন ছুটির ঘোষণা।

