কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত যুবক উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের টাপুরচর এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত ১৭ বছর বয়সী ওই কিশোর সম্প্রতি ঢাকার সাভারে তার মামা বাড়ি বেড়াতে গিয়েছিল। গত ৭ এপ্রিল সে রৌমারীতে আসে। পরে গত ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার (১৩ এপ্রিল) তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, ওই কিশোর বাড়ি ফেরার পর থেকে তার বাড়ি ‘লকডাউন’ করা হয়েছে। তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি আমরা জেলা প্রশাসনকে অবহিত করেছি। নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রৌমারী থানার ওসির বরাত দিয়ে ইউএনও বলেন, ‘ওই কিশোরের সাথে যোগাযোগ করা হয়েছে। সে জানিয়েছে তার শরীরে জ্বর নেই। কোনও উপসর্গ ছাড়া সে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।’
প্রসঙ্গত, রৌমারীতে এ পর্যন্ত ৪৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৯ জনের ফল পাওয়া গেছে যার মধ্যে একজন করোনা পজেটিভ।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি,চন্দন কুমার সরকার

