দেশে তিন জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর প্রকাশের পর দেশজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এর ফলে করোনাভাইরাস শনাক্তকরণ সনদ ছাড়া বিদেশে যেতে পারছেন না প্রবাসী বাংলাদেশীরা। তাই জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ভিড় জমাচ্ছেন তারা।
প্রবাসীরা বলছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘ দিন কর্মরত তারা। ছুটিতে দেশে এসেছিলেন। কিন্তু এখন করোনাভাইরাস শনাক্তকরণ সনদ না থাকায় প্রবাসে যেতে পারছেন না। ওইসব দেশ থেকে প্রবাসীদের বলা হচ্ছে, তাদের শরীরে করোনাভাইরাস নেই, তার প্রমাণ নিয়ে যেতে। আর এই প্রমাণ না নিলে তাদের ওইসব দেশে ঢুকতে দেওয়া হবে না।
কুমিল্লা থেকে আগত আবু তাহের বলেন, আমি গত ২০ বছর ধরে সৌদি আরবে চাকরি করি। মাস খানেক আগে ছুটিতে এসেছিলাম। কিন্তু এখন যেতে পারছি না করোনাভাইরাস শনাক্তকরণ সনদ ছাড়া। কিন্তু এখানে এসেও তেমন কোনো সাহায্য পাচ্ছি না। আমাদের তো ভবনের ভেতরেও ঢুকতে দেওয়া হচ্ছে না।
আমির হোসেন বলেন, কোনো ভাইরাস যে আমাদের শরীরের নেই, সেই প্রমাণ না নিয়ে গেলে সৌদি আরবে আমাদের ঢুকতে দেওয়া হবে না। এখানে এসে আমরা তেমন কোনো সাহায্যই পাচ্ছি না। শুধু বলে অপেক্ষা করার জন্য তার ব্যবস্থা নিচ্ছে। আর কয়েকদিন পর আমার ফ্লাইট। এর মধ্যে ব্যবস্থা না হয় তাহলে আমরা তো যেতে পারব না।
এদিকে আইইডিসিআর বলছে, প্রবাসী বাংলাদেশীদের সকল সমস্যা সমাধান করতে ইতোমধ্যে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সবাইকে আইইডিসিআররের হটলাইনে ফোন দেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে।

