শুকনো কাশি, জ্বর, শ্বাসকষ্ট করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মূল লক্ষণ। এছাড়াও বমি হওয়া, কখনো কখনো ডায়রিয়া প্রাণঘাতী এ ভাইরাসের লক্ষণ বলে বিবেচিত হয়। আবার কোনো লক্ষণ দেখা দেওয়া ছাড়াও যেকোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।
করোনা নিয়ে প্রতিদিনই এমন নতুন নতুন তথ্য জানাচ্ছেন গবেষকরা। এবার বলা হচ্ছে, পায়েও দেখা দিতে পারে করোনায় আক্রান্ত হওয়ার চিহ্ন। পায়ের আঙুলে আঘাত পাওয়ার চিহ্নের মতো দেখা দিতে পারে করোনায় আক্রান্ত হওয়ার চিহ্ন।
স্পেনের জেনারেল কাউন্সিল অব অফিশিয়াল পডিয়েট্রিস্ট কলেজ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর।
বিবৃতিতে বলা হয়েছে, করোনায় আক্রান্ত রোগীদের পায়ে কয়েকটি চিহ্ন পাওয়া গেছে। এগুলো দেখতে বেগুনি বর্ণের আঘাতের চিহ্ন ও ক্ষতের মতো। চিকেনপক্স, হাম বা চিলব্লেনের সাথে খুব মিল রয়েছে এসব চিহ্নের। সাধারণত পায়ের আঙুলের ওপর এগুলো দেখা গেছে। তবে কোনো রকম চিহ্ন না রেখেই এগুলো আবার ভালো হয় যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি এক ধরনের কৌতূহলী আবিষ্কার। চর্ম বিশেষজ্ঞ ও পোডিয়াট্রিস্টদের মতে, ইতালি ও ফ্রান্সের পাশাপাশি স্পেনের অসংখ্য কভিড-১৯ রোগীর মধ্যেও এই ক্ষত চিহ্ন লক্ষ্য করা গেছে।
করোনায় আক্রান্ত কিশোর ও শিশুসহ অল্প বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ক্ষতগুলো বেশি দেখা গেছে। তবে কয়েকজন প্রাপ্তবয়স্কদের মধ্যেও এগুলো ছিল। এই বিয়ষটি নিয়ে বিস্তর গবেষণা করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ৩০৫ জন। আর মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৮২৪ জন।

