মহামারি করোনাভাইরাসের প্রতিরোধে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র মতে চিকিৎসা দিয়ে কোভিড-১৯ পজিটিভ রোগীকে সুস্থ করে তুলেছে শ্রীলঙ্কা।
এবার সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ভারতও। এ রোগের চিকিৎসার জন্য আয়ুর্বেদ শাস্ত্রকে সবুজ সংকেত দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারেরে এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র করোনা প্রতিরোধই নয়, করোনা পজিটিভ রোগীর চিকিৎসায়ও আয়ুর্বেদ, যোগ, ইউনানি, হোমিওপ্যাথি পদ্ধতি ব্যবহার করা হবে। যার অর্থ, এই সব শাখার চিকিৎসকরা চাইলেই এখন কোভিড-১৯ পজিটিভ রোগীর চিকিৎসা করতে পারবেন।
কেন্দ্রীয় সরকারের এমন গুরুত্বপূর্ণ নির্দেশের পর পশ্চিমবঙ্গের আর্য়ুবেদ চিকিৎসক পুলককান্তি কর বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের এমন নির্দেশিকা প্রকাশের পর আর্য়ুবেদ মতে কোভিড-১৯ চিকিৎসায় আর কোনো বাধা রইল না। আমাদের আশা, রাজ্য আমাদের করোনা চিকিৎসায় যুক্ত করবে। গবেষণার নতুন দরজা খুলে দেবে।’
জানা গেছে, শ্রীলঙ্কায় অতি সংকটজনক করোনা রোগী ছাড়া বাকিদের আর্য়ুবেদিক ওষুধ প্রয়োগ করেই চিকিৎসা করা হচ্ছে। সুস্থও হয়ে উঠেছেন অনেকে।

