বয়স মাত্র পাঁচ মাস। করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেনি শিশুটি। চলে গিয়েছিল কোমায়। ৩২ দিন পর কোমা থেকে ফিরে করোনা জয় করেছে সেই ছোট্ট শিশুটি।
ঘটনাটি ঘটেছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। শিশুটির না দোম। দোমের দম নিয়েই এখন চর্চা বিশ্বজুড়ে। হাসতে হাসতে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরল সে।
বাড়ি ফিরে এবার দোম প্রস্তুত হচ্ছে ৬ মাসের জন্মদিন পালনের। দোমের বাড়িতে এখন উৎসবের আমেজ।
দোমের বাবা আন্দ্রাদে জানিয়েছেন, জন্মের কয়েক মাসের মধ্যেই করোনা ধরা পড়ে তার ছেলের। রিওর প্রো কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। দিতে হয় ভেন্টিলেটর। কিন্তু সাড়া দেওয়ার বদলে কোমায় চলে যায় দোম। হাল ছাড়েননি চিকিৎসক ও তার বাবা-মা। আশা ছিল, ফিরে আসবেই সে। অবশেষে ৩২ দিন পর মিলল সাড়া। ঘটল মিরাকল। টানা ৫৪ দিন হাসপাতালে কেটেছে দোমের। এখন বাড়িতে। সুস্থ হয়ে দিব্যি খেলায় মেতেছে সে। ব্রাজিলে অবশ্য করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লক্ষ। মৃতের সংখ্যাও ত্রিশ হাজারের দোরগোড়ায়। এই পরিস্থিতিতে হয়ত দোমের খবরটা ব্রাজিলবাসীকে একটু অক্সিজেন জোগাচ্ছে।

