অগোচরে সমাধি (পর্ব ৫)




দীপককে ফিরে আসতে দেখে উত্তমের মুখে হাসি ফুটলো: দাদাবাবু ফিরে এসেছেন, আমি জানতাম আপনি রাগ করতে পারেন না। দীপক: ঠিকই বলেছ উত্তম, তোমরা রাগ করলেও আমি তোমাদের উপর রাগ করিনি। চল তোমাদের বাইরের ঘরে গিয়ে বসি।
শুভা দরজায় দাঁড়ায়ে ডাকলো: ভিতরে এসো। উত্তম দিদির পরিবর্তন দেখে হাঁসতে হাঁসতে বলল: আপনি বুঝি অপরিচিত যে বাইরের ঘরে থাকবেন? ঐ তো দিদি আপনাকে ডাকছেন। আপনি ঘরের ভিতর যান, আমি এক্ষুণি আসছি।
দীপক ঘরে ঢুকতেই শুভা আলনা থেকে ব্লাউজ আর সায়াটা নিয়ে চলে যেতে উদ্দত হয়ে ফিরে এসে দীপককে বলল: বাইরের ঘরে যখন থাকতে চাচ্ছো না? আমি ও ঘরে যাই, তুমি এখানে থাকো। বলে পা বাড়াতেই দীপক চট্ করে শুভার শাড়ির আঁচল টেনে ধরলো। শুভা পিছন ফিরে দীপকের দিকে চেয়ে বল্ল: কি করছো?
দীপক তার উত্তর না দিয়ে আঁচল ছেড়ে দিয়ে বলল: তুমি নিশ্চয় জানো এ বাড়ির কোন ঘরে থাকার জন্য আমি আসি নাই?
শুভা একটু ভনিতা করে বললো: কেন এসেছো? দীপক সোজা জবাব না দিয়ে বললো: বৌদি, জ্যাঠাই মা, সতীশদা সকলে আমাদের আত্মীয় বলে পরিচয় দেয় না।
শুভা অজান্তেই বলে উঠলো: কেন?
দীপক বলল: সেদিন তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়ে ছিলাম বলে! সবাই আমাকে পর করে দিলেও ভেবে ছিলাম তুমি, অন্তত তুমি আমাকে ভুল বুঝবে না। অথচ তুমিও আমাকে ভুল বুঝলে! জানতাম তুমি অভিমানী তোমাকে তাড়ানোর একমাত্র পথই ছিল তোমাকে অপমান করা। শুভা অতীতের মাঝে হারিয়ে গিয়েছিল।
শুভা বলল: আমাকে তাড়ায়ে দিয়ে তোমার লাভ?
দীপক সহজ হয়ে বলল: লাভ ক্ষতির হিসাব করেই কি সব কাজ হয়? মানুষের জীবনে কি ব্যবসাটাই বড়?
এতক্ষণ দীপক খেয়ালই করে নাই যে, শুভা কাঁদছে। অনেক আগের গড়িয়ে পড়া দু’ফোঁটা অশ্রু মুছে যেন শুভা পূর্বের শুভা হয়ে গেল।
চোখ মুছতে মুছতে ব্লাউজ আর সায়া আলনায় রেখে বল্ল: তুমি বস, আমি আসছি। শুভা ভিতর থেকে নিজের একখানা শাড়ি হাতে ফিরে এলো। দীপক তখনও দাঁড়ায়ে আছে দেখে হাসতে হাসতে অনুযোগের সাথে বলল: কি হল রাগ কমেনি বুঝি, এত রাগ নিয়ে, এলে কেমন করে? নাও, শাড়িটা পরে কাপড় পাল্টে ফেল।
দীপক কথার অর্থ না বুঝে বলল: তার মানে? শুভা হি হি করে হেসে উঠে বলল: ভয় নেই শাড়ি পরে মেয়ে সাজতে বলছিনে, পোশাক সব ভেজা। বিরহের জ্বালায় সাথে ধুতিটা পর্যন্ত আনোনি তা তো দেখতেই পাচ্ছি। বাবার ধুতি আর আমার শাড়ী আছে। বাবার ধুতি তো আবার তুমি পরবে না, তাই শাড়ি নিয়ে এলাম। তুমি ঝট্ করে পাল্টে নাও। আমি জল খাবারের ব্যবস্থা করছি। কথা হলো একবারে ঝড়ের মত বলে ঘর থেকে বেরিয়ে গেল।
দীপক শাড়ি পরতে পরতে ভাবছে শুভাকে। কিছুক্ষণ পূর্বে যে শুভা ছিল অপরিচিতা সেই শুভা মুহূর্তে আবার পুর্বের সেই শুভাটি বনে গেল কেমন করে। আশ্চর্য এই নারী জাত এরা সব পারে। নাস্তা শেষ করে উঠতেই সন্ধ্যে হয়ে গেল, শুভা থালা বাসন গোছাতে গোছাতে একান্ত আপনার সুরে বল্ল: আচ্ছা অনার্স পরীক্ষা তো দিলে, কেমন হয়েছে পরীক্ষা?
দীপক তাচ্ছিল্য ভরেই বলল: কেমন হয়েছে জানিনে, সময় মত হলে গেছি আর এসেছি, ভাল মন্দ জানবার আর ভাববার সময় পেলাম কই? শুভা বললো: তোমার সময় যে নষ্ট করতো সেই আমি তো চলে এলাম, তবুও সময় পাওনি?
দীপক বললো: চলে না হয় এসেছো, ফেলে কি কিছুই আসোনি, যা আমাকে ব্যস্ত রাখতে পারে? শুভা ব্যস্ত হয়ে বলল: জানিনে!
দীপকও প্রসঙ্গ রেখে বলল: যাক ওসব নতুন লেখা দু’একটা কবিতা নিয়ে এসো, দেখি কেমন লিখলে এ ক’মাসে। কবিতার কথা শুনে ব্যথায় বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেলো যা চাপতে গিয়ে শুভার বুক ফেটে একটা দীর্ঘঃশ্বাস বেরিয়ে এলো, বলল: ওসব এখন থাক। থালাহাতে করে ঘর থেকে বেরিয়ে গেল।