আগামী ২৪ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন এই সফরকে নিয়ে বেশ কৌতূহল এবং উচ্ছ্বসিতও বলে জানিয়েছেন তিনি।
একপর্যায়ে সফর সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন যে, মোদী একজন অসাধারণ ব্যক্তি। আমি এই সফরের জন্য বেশ মুখিয়ে আছি। ভাবতেই ভাল লাগছে যে আমি এই মাসের শেষে ভারতে যাচ্ছি।
এসময় এই সফরের বিষয়ে নরেন্দ্র মোদীর সাথে তার কথা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
মোদীর সাথে এই কথোপকথন হওয়া সম্পর্কে ট্রাম্প বলেন, মোদী আমাকে জানিয়েছেন আহমেদাবাদে আমাকে অভ্যর্থনা জানাতে কয়েক লাখ মানুষ উপস্থিত থাকবেন। বিষয়টি ভাবতেই আমার ভালো লাগছে যে,
যেখানে আমার একটি জনসভায় ৪০-৫০ হাজার লোক হয়, সেখানে ভারতে আমার জন্য প্রায় ৫০-৭০ লাখ মানুষ ভিড় করবেন, এটি আমার জন্য অস্বস্তির কারণ হয়েও দাঁড়াতে পারে।
ট্রাম্পের সফর প্রসঙ্গে একটি টুইট করেন নরেন্দ্র মোদী। যেখানে তিনি বলেন, মাননীয় অতিথির অভ্যর্থনা অনুষ্ঠান `আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই সফরের মাধ্যমে ভারত-আমেরিকার বন্ধুত্ব আরও মজবুত হবে।
জানা যায়, এই সফরে বাণিজ্য, প্রতিরক্ষা-সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এজন্য ট্রাম্পের এই সফর নিয়ে যথেষ্ট আশাবাদী ভারত।
এছাড়াও, গুজরাতের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যাবে মোদী এবং ট্রাম্পকে।

