দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়ার গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে পৃথক গেজেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ দুই গেজেট প্রকাশ পায়।
সরকারি গেজেট অনুযায়ী, বিদ্যমান অন্তর্বর্তী মন্ত্রিসভা অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় দাপ্তরিক নির্দেশনাও জারি করা হয়েছে। আলাদা আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গেজেটে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রধানমন্ত্রী নিয়োগ সম্পন্ন হয়েছে এবং নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। তবে নতুন মন্ত্রিসভার আকার, সম্ভাব্য সদস্য ও শপথ গ্রহণের সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দেশের রাজনীতিতে একটি মোড় ঘোরানো মুহূর্ত। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতির পর প্রশাসনিক স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যেসব সংস্কার ও নীতিগত পরিবর্তনের আলোচনা চলছিল, সেগুলোর ভবিষ্যৎ বাস্তবায়ন এখন নতুন সরকারের ওপর নির্ভর করছে।

