বৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরিতে যাওয়ার চেষ্টা করায় পশ্চিম রোমানিয়ার আরাদ কাউন্টি থেকে ১৬ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ।
বুধবার মধ্যরাতে আরাদ কাউন্টির নাদলাক বর্ডার ক্রসিং পয়েন্টে একটি গাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় ১৬ বাংলাদেশিকে খুঁজে পেয়েছেন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়া সীমান্ত পুলিশ জানিয়েছে, মধ্যরাতে এক রোমানীয় নাগরিক গাড়ি নিয়ে সীমান্ত পাড়ি দিতে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে নাদলাক সীমান্ত পয়েন্টে আসেন। রোমানিয়া-ইতালি রুটে কার্ডবোর্ডের বাক্সের পণ্য পরিবহন করছিলেন বলে উপস্থাপিত নথিতে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুনঃ শ্রীলংকা আর বাংলাদেশের অবস্থা ভিন্ন: বাণিজ্যমন্ত্রী
কিন্তু ওই চালকের অতীত রেকর্ড সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সীমান্ত পারাপারের অনুমতি না দিয়ে গাড়ির পণ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর তাতেই খোঁজ মেলে কার্ডবোর্ডের বাক্সে লুকিয়ে থাকা ১৬ বাংলাদেশি অভিবাসীর।
অভিবাসীদের আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত পুলিশ সেক্টরের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে পর পুলিশ জানায়, আটক অভিবাসীদের বয়স ২১ থেকে ৪০ বছর। তারা সবাই বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়ায় এসেছিলেন।
অভিবাসীদের দেওয়া তথ্য বিবেচনায় গাড়িটির চালকের বিরুদ্ধে অভিবাসী পাচারের অপরাধে তদন্ত করছে রোমানিয়া সীমান্ত পুলিশ। এছাড়া বেআইনিভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করা এসব বাংলাদেশির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনি তদন্ত শুরু হয়েছে।

