অভিনেতা নাঈমের কন্ঠে গান ‘তোমাকে’




‘তোমাকে’ শিরোনামের একটি গানটি প্রকাশ করবে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। এই গানের মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছেন অভিনেতা নাঈম। গানটির কথা ও সুর করেছেন নাঈম নিজেই। আর সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজ চিন্ময়ী। আর এতে নাঈমের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে হৃদি শেখ কে। গানটি প্রসঙ্গে নাঈম বলেন, ‘অনেকে হয়তো ভাববেন আমি শখের বসে গান করলাম। আসলে বিষয়টি তা নয়। প্রায় ১৫ বছর আগে আমি নিয়মিত গান করতাম। তখন আমার একটি ব্যান্ডের দল ছিল। নাম আয়রনিক ফেইট। দলটি নিয়ে নিয়মিত আমি স্টেজ শো করতাম। কিন্তু অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় পরে আর গানে মনোযোগ দিতে পারিনি। শুধু করার জন্য গান করা, বিষয়টি এরকম নয়, এবং আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে মজার এই কাÐ করার কারোরই অধিকার নেই। তাই ইন্ডাস্ট্রির প্রতি শ্রদ্ধা জানিয়েই নিজের এই প্রতিভাকে কাজ লাগাতে চেষ্টা করেছি। বাকিটা আমার ভক্ত-শ্রোতারা বিচার বিবেচনায় নিবেন।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আজ ডিএমএস’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘তোমাকে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।