চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করনাভাইরাস ইতিমধ্যে বিশ্বের ১৯৯ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে মারা গেছে ৩৭ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছে প্রায় ৮ লাখ মানুষ।
সরকারি হিসাব অনুযায়ী এই ভাইরাসের থাবায় চীনে প্রাণ গেছে ৩ হাজার ৩শ’ জনের। এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়াতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৮৬ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬২ জনের।
জাপানেও আঘাত হানিয়েছে এই ভাইরাস। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, জাপানে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও ৫৬ জন।
তবে জাপানের এই তথ্য সঠিক নয় বলে অভিযোগ তুলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউকিও হাটোয়ামা। অনেকেই মনে করছেন, জাপানে করোনা আক্রান্ত ও নিহতের সংখ্যা অনেক বেশি। তবে সরকার সেই সংখ্যা প্রকাশ করছে না।
অলিম্পিক গেমসের কারণে আক্রান্ত ও নিহতের ব্যাপারে জাপান সরকার সঠিক তথ্য প্রকাশ করছে না বলে অভিযোগ উঠেছে।
এক টুইট বার্তায় সাবেক প্রধানমন্ত্রী ইউকিও হাটোয়ামা বলেন, সরকারের কাছে অলিম্পিকের গুরুত্ব বেশি, টোকিওর বাসিন্দারা নয়।
গত রবিবার রাত পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭৮ জন। তার মধ্যে যাত্রীবাহী জাহাজে ছিলেন ৭১২ জন। ৬৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে জানা যায়, করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে আগামী বছর অনুষ্ঠিত হবে।

