করোনাভাইরাসের কারণে বাতিল করা হয়েছিল ফ্রেঞ্চ লিগ। এবার ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন দলের নাম। লিগ পুরো শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়নের তকমা পেয়ে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
গত সাত আসরের ছয়বারের শিরোপা গেছে পিএসজির শো কেসেই। তবে গত ছয়বারই পিএসজির খেলোয়াড়রা সবাই মিলে শিরোপা উল্লাস একসঙ্গে মাঠেই করতে পেরেছেন। এবার অবশ্য সে সুযোগ নেই।
যার ফলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার তৃপ্তিটাও যেন আগের মতো নেইমারদের। সবমিলিয়ে শেষ আট আসরে সাতবারই চ্যাম্পিয়ন হলো পিএসজি।
গত মঙ্গলবার ফ্রান্সের লিগ ওয়ান বাতিলের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপে। তিনি বলেন, সেপ্টেম্বরের আগে দেশটিতে কোনো ক্রীড়া ইভেন্ট মাঠে গড়ানোর অনুমতি দেয়া হবে না।
ফলে ফিফার বেঁধে দেয়া ২ আগস্টের মধ্যে লিগ শুরুর সম্ভাবনা ভেস্তে যায় ফ্রান্সে। তাই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় এবারের লিগ।
তখন সবার মনে প্রশ্ন জাগে, তাহলে এবারের ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা পাবে কারা? অনেক ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি? নাকি কোন চ্যাম্পিয়ন ছাড়াই বাতিল করে দেয়া হলো এবারের লিগ?
বৃহস্পতিবার সব দলের অংশগ্রহণে এক কনফারেন্স কলের মাধ্যমে জানানো হয়েছে, লিগ টেবিলে এগিয়ে থাকা পিএসজিই পাচ্ছে এবারের শিরোপা। ফলে নিশ্চিত হয় টানা তৃতীয়বারের মতো পিএসজির চ্যাম্পিয়নশিপ।
করোনাভাইরাসের কারণে লিগ স্থগিত হওয়ার আগে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পিএসজি। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা মার্শেই দ্বিতীয় স্থানে ছিল ৫৬ পয়েন্ট নিয়ে। ফলে কার্যত ১৫ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি।

