ইতালিতে করোনার ভয়াবহতা বেড়েই চলেছে। তবে আক্রান্তর তালিকায় বেশির ভাগই রয়েছেন বৃদ্ধরা। এ অবস্থায় আইসিইউ সঙ্কটের কারণে ইতালির সরকার অপেক্ষাকৃত কমবয়স্কদের চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করতে চায়।
ইতালির চিকিৎসকরা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় আতঙ্কিত হয়ে এরই মধ্যে কিছু রোগীকে আইসিইউ সেবা থেকে বঞ্চিত করার কথা জানিয়েছে। এমন পরিস্থিতিতে বয়স্ক এসব রোগীর সামনে মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কোনো পথ নেই।
নিবিড় পরিচর্চা কেন্দ্র (আইসিইউ) সঙ্কটে করোনা ভাইরাসে আক্রান্ত ৮০ বছর বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের এ সেবা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কেননা তরুণদের তুলনায় তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। একটি নথির বরাতে এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইতালিতে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বহুগুণে বাড়ছে। ইতোমধ্যে দেশটি মারা গিয়েছেন এক হাজারেরও বেশিনাগরিক। আর এতে সবচেয়ে বড় সঙ্কট তৈরি হচ্ছে হাসপাতালগুলোর আইসিইউতে। এ সঙ্কট কাটানোর জন্য কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

