অস্ট্রেলিয়া সফর অসমাপ্ত রেখে দেশে ফিরেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। করোনা ভাইরাসের কালো থাবায় সব ধরণের খেলাই বন্ধ রয়েছে।
দেশে ফিরলেও করোনা আতঙ্কে আগামী ১৪ দিন দলটির ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন। বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
নিউজিল্যান্ড ক্রিকেটের তরফ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে সিডনি থেকে দেশে ফেরা কিউইদের ১৫ জন ক্রিকেটারদের সবাই এবং সাপোর্ট স্টাফদের নিজ নিজ বাড়িতে লকডাউন করে রাখা হয়েছে। মূলত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের নির্দেশনা অনুসরণ করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনার বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডেও সব নন–রেসিডেন্ট মানুষের প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
তিন ম্যাচের চ্যাপেল-হেডলি সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসে কেন উইলিয়ামসনের দল। সিরিজের প্রথম ম্যাচটি সিডনিতে দর্শকশুন্য মাঠে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচটি ৭১ রানে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপর করোনা আতঙ্কে স্থগিত হয়েছে অস্ট্রেলিয়া দলের নিউজিল্যান্ড সফরও। মার্চের শেষদিকের ওই সফরে নিউজিল্যান্ডের মাটিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার।
চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে ৯ হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯৫২ জন।

