দেশের বিভিন্ন জায়গায় দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে আজ বৃহস্পতিবার। সেই সাথে বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও। তাছাড়া আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। বৃহস্পতিবার (৫ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

