স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার জাতীয় সংসদে অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রায় ২২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে উত্তরা ৩য় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে।
এছাড়াও তিনি জানান, এ প্রকল্পে ৩১ জানুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি ৪০.৩৬ শতাংশ। ২০.১০ কিলোমিটার দীর্ঘ, ১৬ স্টেশন বিশিষ্ট ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম আধুনিক এই মেট্রোরেল। এটি হবে বিদ্যুৎ চালিত।

