আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২৭ সদস্য নিহত



চীনের সিচুয়ান প্রদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলের বনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২৭ কর্মীসহ ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

জরুরি ব্যবস্থাপনা ও সামরিক মন্ত্রণালয় জানিয়েছে, সিচুয়ান প্রদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলে অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রায় ৩ হাজার ৮০০ মিটার উঁচুতে শনিবার থেকে শুরু হওয়া এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় সাত শতাধিক কর্মী মোতায়েন করা হয়।

কিন্তু রোববার হঠাৎ উল্টো দিক থেকে বাতাস প্রবাহিত হতে শুরু করে। এই আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২৭ কর্মী এবং তাদের সাহায্য করতে গিয়ে প্রাণ গেছে আরও তিন বেসামরিক চীনা নাগরিকের। দেশটির উত্তরাঞ্চলে প্রচণ্ড শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

সর্বশেষ নিহতদের সাথে রোববার থেকেই সকল ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় কর্তৃপক্ষের। পরে তাদের খোঁজ করার জন্য চিকিৎসক ও মেডিকেল সামগ্রীসহ ওই এলাকায় দুটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয় বলে জানা গেছে।

জানা যায়,  ২০১৫ সালের পর দেশটিতে এবারই এত সংখ্যক ফায়ার সার্ভিসের কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেছে।